কম বাজেটে মেঘালয় ভ্রমণ: ৫-৬ দিনে ২৫ হাজার টাকার মধ্যে স্বপ্নের সফর
ভ্রমণ অনলাইন ডেস্ক: মেঘালয়ে ঘুরতে যাওয়ার কথা উঠলেই অনেকের প্রথম ধারণা হয়, খরচ খুব বেশি। যাতায়াতের ভাড়া, দূরত্ব, যাতায়াতের ঝামেলা—সব মিলিয়ে পরিকল্পনাটা কঠিন মনে হতে পারে। কিন্তু একটু হিসাব করে এগোলে মেঘালয় ভ্রমণ মোটেও অতটা ব্যয়বহুল নয়। আগে থেকে বুকিং, শেয়ার গাড়ি ব্যবহার, বাজেট হোমস্টে এবং সঠিক রুট বেছে নিলে ৫ থেকে ৬ দিনের মধ্যেই প্রায় ২৫ হাজার টাকার বাজেটে ঘুরে আসা সম্ভব মেঘালয়।
সবুজ পাহাড়, মেঘে ঢাকা রাস্তা, ঝরনা, লিভিং রুট ব্রিজ আর স্বচ্ছ নদীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই পরিকল্পনা হতে পারে আদর্শ।

উমিয়াম লেক।
কী ভাবে কম বাজেটে মেঘালয় ভ্রমণ পরিকল্পনা করবেন
১. দু’মাস আগে ট্রেনের আসন সংরক্ষণ করুন
মেঘালয় ভ্রমণের পরিকল্পনা করে নিয়ে ঠিক দু’মাস আগে ট্রেনের আসন সংরক্ষণ করুন। মেঘালয়ে যেতে হলে আপনাকে গুয়াহাটি আসতে হবে। দেশের দূরতম প্রান্ত থেকে গুয়াহাটি আসা-যাওয়ার ট্রেনভাড়া টু’টায়ার এসি ক্লাসে ৯ হাজার টাকার মতো। আপনি যদি থ্রি টায়ার এসি ক্লাসে ভ্রমণ করেন, তা হলে ভাড়া কিছুটা কম হবে। আর যদি সাধারণ স্লিপার ক্লাসে ভ্রমণ করেন তা হলে ভাড়া বেশ কিছুটা কম হবে।
তবে গুয়াহাটি যদি বিমানে আসোন তা হলে যাতায়াতের ভাড়া ১৫-১৬ হাজার বা তারও বেশি হতে পারে।
গুয়াহাটি থেকে শিলং কী ভাবে যাবেন
- পল্টনবাজার থেকে নিয়মিত শেয়ার ট্যাক্সি পাওয়া যায়।
- সময় লাগে প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা।
- খরচ পড়ে মাথাপিছু ৫০০ থেকে ৮০০ টাকা।
গুয়াহাটি রেলস্টেশন থেকে পল্টনবাজার ৭০০ মিটার, হেঁটেই আসা যায়। তবে মালপত্র সঙ্গে থাকার দরুন অটো করে চলে আসুন।

পরিছন্ন গ্রাম মাওলিননং।
২. স্থানীয় যাতায়াতে খরচ কমান
মেঘালয়ের ভিতরে ঘোরার সময় প্রাইভেট গাড়ির বদলে শেয়ার গাড়ি ব্যবহার করলে খরচ অনেক কমে যায়।
যেমন—
- শিলং, সোহরা (চেরাপুঞ্জি), ডাউকির মধ্যে শেয়ার সুমো ব্যবহার করুন।
- ছোট দূরত্বে লোকাল ট্যাক্সি নিন।
- দল বেঁধে গেলে ডে ট্রিপের গাড়ি ভাগাভাগি কর।
এ ভাবে ৫-৬ দিনে স্থানীয় যাতায়াতে মোট খরচ প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব।
৩. সাশ্রয়ী থাকার জায়গা বেছে নিন
মেঘালয়ে কম খরচে ভালো থাকার অনেক ব্যবস্থা আছে, বিশেষ করে স্থানীয় পরিবার পরিচালিত হোমস্টে।
- শিলং: পুলিশ বাজারের আশপাশ
- সোহরা (চেরাপুঞ্জি): ঝরনার কাছাকাছি গ্রামাঞ্চলের হোমস্টে
খরচ সাধারণত—
- প্রতি রাত ৮০০ থেকে ১,২০০ টাকা
পরিষ্কার ঘর, প্রয়োজনীয় আরাম এবং অন্যান্য সুবিধা—সবই পাওয়া যায়। পুরো সফরে থাকা খরচ ৫,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব।

ডাবল ডেকার রুট ব্রিজ।
৪. কম খরচের খাবারেও পাবেন স্বাদ
মেঘালয়ের স্থানীয় খাবার সুস্বাদু এবং বাজেটবান্ধব।
সহজেই পাওয়া যায়—
- খাসি থালি
- ভাত ও মাংসের পদ
- পর্ক ও চিকেন ডিশ
- মোমো
- নুডলস
- গরম স্যুপ
প্রতি বেলার খাবার ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। দিনে ৫০০ থেকে ৬০০ টাকা রাখলেই যথেষ্ট।
৫. দর্শনীয় স্থান ঘুরতে খরচ বেশি নয়
মেঘালয়ের বেশির ভাগ জায়গায় প্রবেশমূল্য খুব কম।
এই বাজেটেই ঘোরা যায়—
- চেরাপুঞ্জির বিভিন্ন জলপ্রপাত
- শিলংয়ের ভিউপয়েন্ট
- ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক
- ডাউকির উমঙ্গট নদীতে নৌকাভ্রমণ
সব মিলিয়ে দর্শনীয় স্থান ও অ্যাক্টিভিটি খরচ প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে থাকে।

রাজ্যের সবচেয়ে প্রাচীন গির্জা অল সেন্টস্ ক্যাথেড্র্যাল। শিলং।
৫-৬ দিনের ভ্রমণ ছক
১ম ও ২য় দিন: শিলং
দেখে নিন উমিয়াম লেক-সহ স্থানীয় দ্রষ্টব্য। ঘুরে নিন পুলিশ বাজার, স্থানীয় ক্যাফে।
৩য় ও ৪র্থ দিন: সোহরা (চেরাপুঞ্জি)
দেখুন ঝরনা, গুহা। লিভিং রুট ব্রিজ ট্রেক করুন।
৫ম দিন: ডাউকি ও মাওলিননং
উমঙ্গট নদীতে নৌকাভ্রমণ করুন। বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামে ঘোরার অভিজ্ঞতা অর্জন করুন।
৬ষ্ঠ দিন: গুয়াহাটি ফিরুন।
হাতে সময় থাকলে কামাখ্যা দর্শন করুন। ওই দিনই বাড়ির পথে রওনা হোন।

উমঙ্গট নদীতে নৌকাভ্রমণ।
বাজেটের মধ্যে থাকতে জরুরি টিপ্স
ট্রেনের টিকিট আগে থেকে কাটুন ও হোটেল আগে বুক করুন।
অনেক জায়গা একসঙ্গে ঢোকানোর চেষ্টা করবেন না।
মার্চ-এপ্রিল বা সেপ্টেম্বর মাসে গেলে সুবিধা
দল নিয়ে ভ্রমণে গেলে গাড়ির খরচ ভাগ করা যায়
মোট সম্ভাব্য বাজেট (প্রতি ব্যক্তি)
গুয়াহাটি যাতায়াত: ৯,০০০ টাকা
স্থানীয় ঘোরাঘুরি: ৪,০০০ টাকা
থাকা: ৬,০০০ টাকা
খাওয়া: ৪,০০০ টাকা
দর্শনীয় স্থান দেখা: ২,০০০ টাকা
মোট: ২৫,০০০ টাকা
মেঘালয় ভ্রমণ মানেই বিপুল খরচ—এই ধারণা পুরোপুরি ঠিক নয়। সঠিক পরিকল্পনা থাকলে কম বাজেটেও আরামদায়কভাবে ঘোরা সম্ভব। মেঘের পাহাড়, সবুজ উপত্যকা, ঝরনা আর অনন্য সংস্কৃতির মেলবন্ধন উপভোগ করতে চাইলে মেঘালয় হতে পারে আপনার পরবর্তী সেরা গন্তব্য।
আরও পড়ুন
আজ বুধবার খুলছে কেদারনাথ মন্দির, মোবাইল ফোন নিষিদ্ধ, ছবি-ভিডিয়ো তুললেই আইনি ব্যবস্থা
