আজ বুধবার খুলছে কেদারনাথ মন্দির, মোবাইল ফোন নিষিদ্ধ, ছবি-ভিডিয়ো তুললেই আইনি ব্যবস্থা
ভ্রমণঅনলাইন ডেস্ক: উত্তরাখণ্ডে ২০২৬ সালের চারধাম যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা ১৯ এপ্রিল খুলে দেওয়ার মাধ্যমে। এর পর ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ মন্দিরের দ্বার খুলছে। এই আবহেই কেদারনাথ মন্দিরকে গাঁদা ফুল দিয়ে সাজানোর নানা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে যাত্রা শুরুর আগেই কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির চত্বরে সম্পূর্ণভাবে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও ভক্তই মোবাইল ফোন নিয়ে মন্দিরপ্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ, দর্শনার্থীরা আর মন্দিরের ভিতরে ছবি তুলতে, ভিডিও করতে বা সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে পারবেন না। মোবাইল ফোন বাইরে জমা রাখতে হবে।
মন্দির কমিটির সদস্য বিনীত পোস্টি সংবাদসংস্থা এএনআই-কে ANI-কে জানিয়েছেন, কেদারনাথ মন্দির খোলার আগে ভিড় নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত
গত কয়েক বছরে কেদারনাথ মন্দিরে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়েছে। এর সঙ্গে বেড়েছে মোবাইলে ছবি তোলা, ভিডিও করা এবং রিল বানানোর প্রবণতাও। অনেক সময় এতে দর্শনের লাইনে বিঘ্ন ঘটে, ভিড় বাড়ে এবং মন্দিরের আধ্যাত্মিক পরিবেশও ব্যাহত হয়।
মন্দির কর্তৃপক্ষের মতে, দর্শনার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত ভক্তি ও প্রার্থনা। মোবাইল ব্যবহারের কারণে সেই পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই এবার থেকে ভক্তদের মনোযোগ শুধুমাত্র দর্শন ও পূজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার ২২ এপ্রিল খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির। রাস্তায় বরফ সাফাইয়ের কাজ চলছে। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।
মন্দির কমিটি জানিয়েছে, মোবাইল ফোন নিষেধাজ্ঞা ভাঙার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। কেউ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও জরিমানা বা শাস্তির নির্দিষ্ট বিবরণ এখনও প্রকাশ্যে জানানো হয়নি, তবুও প্রশাসন স্পষ্ট করেছে যে নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।
সমাজমাধ্যমে সমর্থনের ঝড়
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ‘এক্স’-এ (সাবেক টুইটার) বহু ব্যবহারকারী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
অনেকেই মনে করছেন, এতে মন্দিরের পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ ফিরবে। আবার অনেকের মতে, মোবাইল ব্যবহার বন্ধ হলে দর্শনের লাইনে গতি বাড়বে এবং ভিড়ও তুলনামূলকভাবে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
তবে এই সিদ্ধান্তের ফলে অনেক ভক্তই দর্শনের স্মৃতি হিসেবে নিজের তোলা ছবি বা ভিডিও রাখতে পারবেন না। তবুও অধিকাংশ মানুষের মত, ধর্মীয় স্থানের মর্যাদা বজায় রাখতে এই সিদ্ধান্ত যথাযথ।
চারধাম যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভক্তদের সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কেদারনাথে মোবাইল নিষেধাজ্ঞা সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।
