পাহাড়ের কোলে টাইম ট্রাভেল! ব্রিটিশ আমলের টয় ট্রেনে চাপার সুযোগ দিচ্ছে ডিএইচআর, জানুন কবে থেকে
দার্জিলিং: কু ঝিক ঝিক শব্দে পাহাড়ি পথে টাইম ট্রাভেল! পর্যটকদের সেই নস্টালজিক অনুভূতি ফিরিয়ে দিতে এবার বড় উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। বাষ্পচালিত হেরিটেজ ইঞ্জিনের পর এবার ব্রিটিশ আমলের ১৪টি পুরনো কামরা মেরামত করে ফের ট্র্যাকে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী এক বছরের মধ্যেই পর্যটকদের এই ঐতিহাসিক উপহার দেওয়া।
ফেরার পথে ব্রিটিশ আমল ডিএইচআর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ-বিদেশের পর্যটকরা প্রায়শই জানতে চান, ব্রিটিশ আমলে ঠিক কীভাবে টয় ট্রেন চলত। সেই কৌতূহল মেটাতেই এই উদ্যোগ। ডিএইচআর-এর অধিকর্তা ঋষভ চৌধুরী জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে ব্রিটিশ আমলের কামরাগুলি সংস্কার করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে ১৪টি হেরিটেজ কামরা মেরামত করে যাত্রীদের জন্য প্রস্তুত করা হবে।
ইঞ্জিন থেকে কামরা— সাজছে সবকিছু ইতিমধ্যেই মিউজিয়াম থেকে তিনটি ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিন ফিরিয়ে এনে মেরামত করা হয়েছে। এর মধ্যে একটি এখন জঙ্গল সাফারিতে ব্যবহৃত হচ্ছে, বাকি দুটিও শীঘ্রই ট্র্যাকে নামবে। গত বছর বেঙ্গালুরু থেকে দুটি বাষ্পচালিত ইঞ্জিন আনা হয়েছিল এবং তিনধারিয়া ওয়ার্কশপে থাকা আরও একটি ইঞ্জিন সারাইয়ের কাজ চলছে। এবার ইঞ্জিনের সঙ্গে পাল্লা দিয়ে পুরনো কামরাগুলি ফিরলে পর্যটকরা সম্পূর্ণ ব্রিটিশ আমলের আমেজ উপভোগ করতে পারবেন।
খুশি পর্যটন মহল রেলের এই উদ্যোগে খুশি রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু। তিনি বলেন, “টয় ট্রেনের চাহিদা ক্রমশ বাড়ছে। এটি পর্যটকদের কাছে একটি নস্টালজিক বিষয়। ব্রিটিশ আমলের প্রযুক্তি ও পাহাড়বাসীর শিল্পকলা জড়িয়ে আছে এই ট্রেনের সঙ্গে। ডিএইচআর-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আধুনিকতার ছোঁয়ায় টয় ট্রেনে ডিজেল ইঞ্জিন ও অত্যাধুনিক ভিস্তাডোম কোচ এলেও, বিদেশি ও ইতিহাসপিপাসু পর্যটকদের কাছে পুরনো দিনের টয় ট্রেনের কদর আজও আলাদা। ‘কুইন অফ হিলস’-এর সেই হানো গৌরব ফিরিয়ে আনতেই ডিএইচআর-এর এই প্রয়াস।
